চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

প্রতিবেশীর বাড়ির সামনে খোলা পায়খানা বসানোর চেষ্টা, ইউএইচএফপিও’র হস্তক্ষেপে বন্ধ

প্রতিবেশীর বাড়ির সামনে খোলা পায়খানা বসানোর চেষ্টা, ইউএইচএফপিও’র হস্তক্ষেপে বন্ধ

লোহাগাড়া সংবাদদাতা

২০ মে, ২০২৬ | ১০:২৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় প্রতিবেশীর বাড়ির সামনে খোলা পায়খানা বসানোর অভিযোগ উঠেছে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের টংকাবতী বিশ্বাস পাড়া এলাকায় এডভোকেট সুজন দাশের বাড়ির সামনে খোলা পায়খানা বসানোর চেষ্টা করা হয়। অভিযোগ পেয়ে উপজেলা ইউএইচএফপিওর হস্তক্ষেপে কাজ বন্ধ করে দিয়েছে সেনিটারি ইন্সপেক্টর।

 

জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান বিশ্বাস পাড়া এলাকায় এডভোকেট সুজন দাশের বাড়ির সামনে গত কয়েকদিন আগে খোলা পায়খানা স্থাপন করছিল প্রতিবেশী টিটু দাশ। চট্টগ্রাম শহরে অবস্থান করার কারণে বিষয়টি জানতেন না সুজন দাশ ও তার পরিবার। পরে অন্য প্রতিবেশীরা তাকে বিষয়টি জানালে তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবালকে অবগত করেন। তিনি উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীকে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

 

শনিবার (১৬ মে) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী এডভোকেট সুজন দাশের বাড়ির সামনে খোলা পায়খানা বসানোর কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

 

উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী বলেন, বাড়ির সামনে খোলা পায়খানা স্থাপনের ফলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইন ও স্থানীয় সরকার নীতিমালা অনুযায়ী, উন্মুক্ত স্থানে বা অন্যের আপত্তির জায়গায় মলমূত্রের ট্যাংক করা বেআইনি। তাই সুজন দাশের তৈরি খোলা পায়খানা বন্ধ করে দিয়েছি।

 

এডভোকেট সুজন দাশ বলেন,আমার প্রতিবেশী টিটু দাশ আমার বাড়ির সামনে খোলা পায়খানা স্থাপন করছিল। বিষয়টি ইউএইচএফপিও ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনকে অবগত করলে ওনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা সেনিটারি ইন্সপেক্টরকে বলেন। ইন্সপেক্টর  সেখানে গিয়ে কাজটি বন্ধ করে দেন।

 

অভিযুক্ত টিটু দাশ এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, রাগের মাথায় আমি কাজটি করেছি। সেনিটারি ইন্সপেক্টর আসার পরেই নিষেধ করলে আমি পায়খানার জন্য গর্তটি ভরাট করে দিয়েছি।

 

উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, সুজন নামে এক আইনজীবী জানান তার বাড়ির সামনে খোলা পায়খানা তৈরি করছিল। বিষয়টি সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তাৎক্ষণিক সেনিটারি ইন্সপেক্টরকে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট