বান্দরবান পার্বত্য জেলা আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেছেন, জেলার সকল উপজেলার মানুষকে এক মায়ের সন্তান হিসেবে বিবেচনা করে সম্প্রীতির বন্ধন অটুট রাখা হবে। জনসাধারণের সুবিধার্থে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (২০ মে) রোয়াংছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবীর এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক।
সফরকালে সাচিংপ্রু জেরী এমপি বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সূচনা করেন। তিনি বেংছড়ি পাড়া বৌদ্ধ বিহারের ভবন নির্মাণ এবং অংজাই পাড়া বৌদ্ধ বিহারের সীমাঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি স্থানীয় ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ ও ভূমিসেবা বুথ পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি শিক্ষা ও স্বাস্থ্যসহ উপজেলার সার্বিক উন্নয়নমূলক বিষয়ের খোঁজখবর নেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















