কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে মোহাম্মদ হুসাইন (৪৫) নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একদল পাহাড়ি সন্ত্রাসী।
সোমবার (১৮ মে) রাত ১০টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় নিজ বাড়ির উঠান থেকে তাকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। অপহৃত মোহাম্মদ হুসাইন ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং বাহারছড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ মঙ্গলবার (১৯ মে) বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ হোসেন জানান, ঘটনাটি শোনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানিয়েছেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি।
এই অপহরণের প্রকৃত কারণ বা অপহৃত ব্যক্তির অবস্থান সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে, এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















