চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ঈদুল আযহা উপলক্ষ্যে বিভাগীয় শহরে চবি শিক্ষার্থীদের জন্য বাস চায় চাকসু

ঈদে বিভাগীয় শহরে চবি শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি বাস’ দাবি চাকসু’র

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৬ | ৮:০৫ অপরাহ্ণ

আগামী ঈদুল আযহা উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ফ্রি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

 

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিনের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি হস্তান্তর করেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা। এ সময় চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান উপস্থিত ছিলেন।

 

স্মারকলিপিতে বলা হয়, প্রতি বছর ঈদের সময় সাধারণ পরিবহনে তীব্র টিকিট সংকট দেখা দেয় এবং যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে নারী শিক্ষার্থী এবং দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত টিকিট পাওয়া এবং বাড়তি ভাড়ার চাপ সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এছাড়া যানজট ও পথের ভোগান্তি নিয়ে শিক্ষার্থীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

 

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ঈদ যাত্রা নিশ্চিত করতেই আমরা বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছি”।

 

স্মারকলিপিতে বিভাগীয় শহরের বাসের পাশাপাশি আগামী ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) ক্যাম্পাস থেকে শহরগামী বিকাল ৫টা ৩০ মিনিটের নিয়মিত বাস সার্ভিস সচল রাখার জন্যও বিশেষ অনুরোধ জানানো হয়েছে। মূলত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং ক্যাম্পাসে আটকে পড়া শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট