চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাউজানে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা সহযোগীসহ গ্রেপ্তার

রাউজানে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা সহযোগীসহ গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১৯ মে, ২০২৬ | ৪:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে যারা আতঙ্কের রাজত্ব কায়েম করেছিল সেই দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা রায়হান (২৪) ও তার প্রধান সহযোগী পারভেজকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ডাকাতির প্রস্তুতিকালে জনতা ও পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

​স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পূর্ব গুজরা ইউনিয়নের আমিন মঞ্জিলের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল ডাকাত দলটি। বাড়ির বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক সাহসিকতার পরিচয় দেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে সবার সাহায্য চান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশ মানুষ বাড়িটি ঘিরে ফেলে। জনতার তাড়া খেয়ে পালানোর চেষ্টা করলে ‘ফলাহার পাড়া মহাজন বাড়ি’ এলাকা থেকে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তবে জনতা তিনজনকে ধরার দাবি করলেও পুলিশের হাত থেকে একজন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

 

​পুলিশি তদন্তে উঠে এসেছে গ্রেপ্তার মো. রায়হান একজন পেশাদার অপরাধী। রাঙ্গুনিয়ার বাসিন্দা হলেও সে আন্তঃজেলা ডাকাত দলের সাথে জোট বেঁধে রাউজান, রাঙ্গুনিয়া ও আশেপাশের এলাকায় গরু চুরি, দামি গাড়ি ছিনতাই ও দুর্ধর্ষ ডাকাতি চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার সহযোগী পারভেজও দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধের সিন্ডিকেট চালিয়ে আসছিল। ​

 

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এলাকাবাসী অত্যন্ত সাহসিকতার সাথে দুই ডাকাতকে আমাদের হাতে তুলে দিয়েছেন। আজ দুপুরে তাদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলে ত্রাস সৃষ্টি করেছিল।

 

​রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুই সদস্যকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট