চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় দুর্বৃত্তের গুলিতে ২ টমটম চালক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ টমটম চালকরা হলেন- আকিব (২০) ও কাইয়ুম (১৯)। আকিব কুমিরাঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে এবং কাইয়ুম চুনতি বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে।
জানা যায়, আকিব রিকশাযোগে স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী পরিবহন করতো। পরে তাদের মালামাল পরিবহনে অপরাগতা প্রকাশ করেন। তাই আকিবকে ওই সন্ত্রাসী বাহিনী গুলি করেছে বলে পরিবারের দাবি। আকিব হাত ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন।
অপরদিকে গুলিবিদ্ধ কাইয়ুম শরিফ জানান, চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় এলাকায় যান। যাত্রীদের নামিয়ে দিয়ে চলে আসার সময় কে বা কারা তাকে গুলি করে। এতে পিটের একাধিকস্থানে তিনি গুলিবিদ্ধ হন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, গুলিবিদ্ধ দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে জানতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
পূর্বকোণ/পিআর
















