চট্টগ্রাম শহর লাগোয়া কর্ণফুলী নদীর পাশেই আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়েই চট্টগ্রাম-১৩ আসন। এই আসন ঘিরে পর্যটন ও শিল্পের সম্ভাবনা যেমন আছে, তেমনি মাদকের বিস্তার রোধে আছে চ্যালেঞ্জও। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন না হওয়ায়ও এই আসনের বড় সমস্যা।
সাংবাদিক আনোয়ারুল আজিম চৌধুরীর সঞ্চালনায় গত ১৭ ফেব্রুয়ারি আনোয়ারার টানেল রোডের একটি রেস্তোরাঁয় দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘স্বনির্ভর চট্টগ্রাম-১৩: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনায় অতিথিদের কণ্ঠে উঠে আসে এসব সমস্যার কথা। পাশাপাশি সমস্যাগুলো উত্তরণে তারা দেন নানা পরামর্শও।
আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মহসিন পারভেজ বলেন, আমরা ক্রিকেটকে যদি আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই, বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। কোথাও খেলতে গেলে নিজের পকেটের টাকা খরচ করে করতে হয়। ক্রীড়ার প্রসারে পৃষ্ঠপোষকতা দরকার। আমাদের এমপি সাহেব আছেন, উনি যদি এদিকে একটু নজর দেন, সামনে আমাদের ক্রীড়া অনেক এগিয়ে যাবে। মার্শাল আর্ট, ফুটবল ও ক্রিকেট, এই তিনটাকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, আমার মনে হয় আমাদের ক্রীড়া আরও দূরে এগিয়ে যাবে।
আনোয়ারা সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মোছলেহ উদ্দীন সিরাজী বলেন, আমি ২০১১ থেকে আনোয়ারা সরকারি কলেজে আছি। আমাদের প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত অবকাঠামো নির্মাণ একটা বড় দাবি। আমাদের শিক্ষার্থীরা অনেক দিক থেকে বঞ্চিত। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিআরটিসি বা অন্যান্য যাতায়াতের সুব্যবস্থা নেই। আনোয়ারাকে দক্ষিণ চট্টগ্রামের একটা অর্থনৈতিক জোন বলা চলে। কিন্তু এখানে একটি বিশ্ববিদ্যালয় নেই। একটা মানসম্মত বিশ^বিদ্যালয় হলে বাঁশখালী, চকরিয়া-পেকুয়া থেকে দক্ষিণ চট্টগ্রামের এবং ফটিকছড়িসহ উত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা এখানে আসতে পারবে। তাছাড়া আমাদের একটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজন রয়েছে। মেয়েদের মাস্টার্স বা অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ানোর বিষয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এখানে করতে হবে।
আনোয়ারা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সরওয়ার আলম বলেন, ‘আনোয়ারা একসময় কৃষিতে স্বয়ংসম্পূর্ণ ছিল। এখনো স্বয়ংসম্পূর্ণ তবে কিছু কিছু সমস্যা আছে। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে যার জন্য লবণ পানি উপরের দিকে চলে আসছে। এখন আমাদের কিছু স্লুইস গেট আছে এগুলো পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি নিয়ন্ত্রণ করে। ওখানে বিদ্যুতের সেচ মিটারের প্রয়োজন। একটা সেচ মিটার নিতে গেলে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার প্রয়োজন হয়। যদি সরকার একটা অংশ ভর্তুকি দিত তাহলে কৃষক এটা সহজে গ্রহণ করতে পারত। স্লুইস গেটগুলো রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে কোনো লোক নেই। কৃষকদের জন্য নির্দিষ্ট একটা বাজার সৃষ্টি করে দিতে হবে। যেখানে কৃষকরা সরাসরি এসে পণ্য বিক্রি করতে পারেন। দাদন ব্যবসার নামে কৃষকদের অগ্রিম টাকা দিয়ে রাখা হয়। নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট মৌসুমে ব্যাংক থেকে বিনা সুদে কৃষকদের ঋণ দিতে হবে।
এইচএম এন্টারপ্রাইজের শফিউল ইসলাম রুবেল বলেন, আনোয়ারা এবং কর্ণফুলী বিশেষ করে এই অঞ্চল ব্যবসাবান্ধব ও সম্ভাবনাময় অঞ্চল। বহু শিল্প কারখানার পাশাপাশি রয়েছে চাইনিজ অর্থনৈতিক জোন এবং কোরিয়ান ইপিজেড। গুরুত্বপূর্ণ এই এলাকায় পারকি সমুদ্র সৈকত পর্যটকদের জন্য আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও যাতায়াত ব্যবস্থা মোটেই উপযোগী নয়। রয়েছে নিরাপত্তার ঝুঁকি। চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন। আনোয়ারা-কর্ণফুলীতে এই পর্যন্ত হাতির আক্রমণে ২২ জন মানুষ মারা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নিতে হবে। যাতে সম্পদ ও মানুষের প্রাণহানি বন্ধ হয়।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট লোকমান শাহ বলেন, শুধু আনোয়ারা-কর্ণফুলী না সারাদেশের মানুষ এখনো পর্যন্ত আইনের বিষয়ে পরিপূর্ণ সচেতন নয়। আমি মনে করি আইনের ক্ষেত্রে আরও সচেতন হওয়া জরুরি। যারা আর্থিক অসচ্ছল তাদের জন্য যে লিগ্যাল এইড রয়েছে সেটা অনেকেই জানে না। আমরা যারা রাজনীতি করি বা সচেতন তাদের এটা বোঝানো উচিত।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স. ম. হামেদ হোসেইন বলেন, ঢাকা সিটির মধ্যে আমাদের আনোয়ারা সমিতি আছে। আমি আনোয়ারার বিত্তশালীদের অনুরোধ করব যাতে ক্রীড়া বা শিক্ষার বিষয়ে যে সমিতিগুলো আছে সেগুলো যেন শুধু মেজবানের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এলাকার উন্নয়নে যেন কিছু অবদান রাখে।
তরুণ সংগঠক নুরুল আজিম বলেন, আনোয়ারা-কর্ণফুলীতে মাদকের ব্যাপারে অবশ্যই জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ইভটিজিং ও কিশোর গ্যাং কালচার বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। গহিরা উপক‚লে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। বটতলী কলেজ এবং আনোয়ারার পশ্চিম অংশের একটি স্কুলকে জাতীয়করণ করার দাবি করছি।
পূর্বকোণ/ইবনুর
















