কক্সবাজারে টেকনাফের নাফ নদ থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম। তারা বলেন, আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা স্পিডবোটের মাধ্যমে জেলেদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা মনির আহমেদ, ইয়াছিন, আবদুল মালেক ওরফে শফা ও জামাল হোসেন।
স্থানীয় জেলেরা বলছেন, তাদের বাংলাদেশের জলসীমা থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা বলেন, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদ এলাকায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের জিম্মি করে। পরে দুটি মাছ ধরার নৌকাসহ তাদের মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, আমার এলাকার চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। পরিবারগুলো খুব উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ
















