চট্টগ্রামের আনোয়ারায় মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন দেলোয়ার হোসেন সামিম (১৮) নামে এক তরুণ। রক্তাক্ত অবস্থায় সামিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নুরুল হাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝি. বা. শি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল, যা নিয়ে স্থানীয় তরুণদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সামিম ও তার সঙ্গীরা মাদক বিক্রিতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে নুরুল হাশেম ও তার সহযোগীরা সামিমকে এলোপাতাড়ি মারধর করে এবং ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
এই ঘটনায় আহত সামিম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই রবিবার গভীর রাতে অভিযানে নামে পুলিশ। আনোয়ারা থানা পুলিশ নিজ এলাকা থেকে প্রধান অভিযুক্ত নুরুল হাশেমকে (২৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার নুরুল হাশেম উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শিলাইগড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ তৎপরতা শুরু করে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















