কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আদর দাশ (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৮ মে) দুপুরে চকরিয়া মাতামুহুরী ব্রিজ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী খোদারকুম হিন্দু পাড়ার প্রবাসী প্রদীপ দাশের ছেলে।
নিহতের আত্মীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আদর তার কয়েকজন বন্ধুর সঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে সেখানে গভীর গর্ত ও চোরাবালির সৃষ্টি হয়েছিল। গোসল করার সময় আদর সেই চোরাবালিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় লাশ সংস্কারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















