চট্টগ্রামের রাউজানে পরকীয়া প্রেমিকের সাথে মিলে নিজের শ্বশুরবাড়িতে সিনেমাটিক কায়দায় ডাকাতি সাজিয়ে ৫০ ভরির অধিক স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের মূল হোতা গৃহবধূ রিনা আকতারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে, দুবাই প্রবাসীর স্ত্রী রিনা তাঁর প্রেমিকের সহযোগিতায় এই পরিকল্পিত ডাকাতির নাটক সাজিয়েছিলেন।
আজ সোমবার (১৮ মে) বিকেলে রাউজান পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই দীপদাস রায় রিনা আকতারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত রিনা আকতার রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ ইসমাইলের মেয়ে।
গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোরাছা ফকির পাড়ায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আজিম উদ্দীনের ঘরে এই বর্বরোচিত ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার রাতে ডাকাত দল ঘরে ঢুকে গৃহকর্তা বৃদ্ধ হাজী জহির আহমদ, তাঁর বৃদ্ধা স্ত্রী এবং তাঁদের নাতিকে মুখ চেপে ধরে মারধর করে। এমনকি ভুক্তভোগীদের ওপর ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে শক দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। ডাকাতরা ঘর থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, নগদ টাকা ও ৬টি মোবাইল ফোন নিয়ে যায়।
তদন্ত প্রতিবেদনে জানা যায়, স্বামী আজিম উদ্দিন প্রবাসে থাকার সুবাদে পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া এলাকার জহির আহমদের পুত্র মোহাম্মদ নবাব হোসাইনের সাথে রিনা আকতারের অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা দীর্ঘদিন ধরে গোপনে আজিম উদ্দিনের প্রায় ৫০ ভরি স্বর্ণ আত্মসাৎ করে আসছিলেন। সেই স্বর্ণ চুরির বিষয়টি চূড়ান্তভাবে ধামাচাপা দিতেই তাঁরা এই ভয়ংকর ডাকাতির পরিকল্পনা করেন।
ডাকাতির সময় রিনা আকতার নিজেও তাঁর ৫০ ভরির অধিক স্বর্ণ লুট হয়েছে বলে দাবি করেন, যা পরিবারের সদস্যদের মনে সন্দেহের উদ্রেক করে। এরপর গৃহকর্তা হাজী জহির আহমদ প্রথমে থানায় অভিযোগ এবং পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ পরিদর্শক মাসুদ আলম পাটওয়ারী তদন্ত প্রতিবেদন দাখিল করে জানান, রিনা আকতার তাঁর কথিত প্রেমিক নবাব হোসাইনের সাথে যোগসাজশে এই ঘটনা ঘটিয়েছেন। রিনার স্বীকারোক্তিমূলক রেকর্ডসহ এ সংক্রান্ত বিভিন্ন প্রমাণ পুলিশের হাতে এসেছে।
মামলায় রিনা আকতার ছাড়াও তাঁর প্রেমিক মোহাম্মদ নবাব হোসাইন, আব্দুল মুজিব ওরফে আলাউদ্দিন, আবু তাহের ও জয় দাশকে আসামি করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগের তৎপরতায় এই সুপরিকল্পিত ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিনাকে গত রবিবার রাতে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















