চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

অনিয়মের অভিযোগে কসমেটিকস কারখানা বন্ধ, জরিমানা

মেহেদীর নামে তৈরি হচ্ছে কসমেটিকস, কারখানা বন্ধ-জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

১৮ মে, ২০২৬ | ৭:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় আলুঘাট সড়কের জিসান সুপার মার্কেটে “মেসার্স বিএম হার্বাল এন্ড কসমেটিক” নামক একটি অনুমোদনহীন প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার সকল প্রকার পণ্য উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে ।

 

সোমবার (১৮ মে) সকালে পরিচালিত এই অভিযানে পণ্যের গায়ে মিথ্যা ঠিকানা ব্যবহার এবং অবৈধভাবে প্রসাধনী তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বিপুল পরিমাণ অবৈধ পণ্য ও মোড়ক জব্দ করা হয়েছে।

 

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এই অভিযান পরিচালনা করেন।

 

তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটির নামে শুধুমাত্র ‘টিউব মেহেদী’ উৎপাদনের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অনুমোদন থাকলেও, তারা নিয়মের বাইরে গিয়ে অন্যান্য কসমেটিকস পণ্য তৈরি করছিল। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো ধরনের বিএসটিআই লাইসেন্স ছিল না।

 

ভোক্তা অধিকার ক্ষুণ্ণ ও জালিয়াতির অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার পাশাপাশি, প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ নিবন্ধন না নেওয়া পর্যন্ত কারখানার সকল প্রকার পণ্য উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। এছাড়া লোহাগাড়া থানার এসআই মনছুর আলমসহ পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

 

জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভেজাল ও নকল প্রসাধন সামগ্রী প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট