চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

নাফনদী সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি

নাফনদী সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি

টেকনাফ সংবাদদাতা

১৮ মে, ২০২৬ | ৪:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেছে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে নদীতে মাছ শিকারে থাকা জেলেরা দ্রুত নিরাপদে ফিরে আসেন।

 

সোমবার (১৮ মে) সকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীর তীরে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

নাফ নদীতে মাছ শিকারে থাকা কয়েকজন জেলে জানান, সকালে মাছ ধরার সময় তারা নদীর উত্তর দিক থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের অভ্যন্তর থেকে হঠাৎ থেমে থেমে শতাধিকের কাছাকাছি গুলির শব্দ শোনা যায়। আতঙ্কের কারণে কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্টভাবে দেখতে পারেননি তারা। পরে প্রাণভয়ে দ্রুত নদী ত্যাগ করে নিরাপদ স্থানে চলে আসেন।

 

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদী সীমান্তের পূর্ব মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ বিভিন্ন কারণে সেখানে প্রায়ই এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে। সীমান্ত এলাকায় বিজিবি ও নাফনদীতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট