চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৮ মে, ২০২৬ | ৪:১১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- সাত বছরের সাজাপ্রাপ্ত মো. আব্দুল্লাহ (৩২) ও তিন বছরের সাজাপ্রাপ্ত মো. ইসমাইল (২১)।

 

সোমবার (১৮ মে) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য জানান।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর রাতে হাবিবপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকার মোজাহের মিয়ার ছেলে। সে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার মাদক মামলার আসামি। ওই মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

 

অন্যদিকে আজ ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল হোয়াইকং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে।

 

ইসমাইল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাদক মামলার আসামি। ওই মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনিও দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট