চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
নিহত শাহিন আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশে সূত্রে জানা যায়, টহলরত পুলিশ সোনাপাহাড় এলাকায় অবস্থানকালে ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহিন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। অভিযুক্ত গাড়ি এবং চালক পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
পূর্বকোণ/পিআর
















