চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৪ কিশোরকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৮ মে) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো— সাজিদ হোসেন রাফি (১৭), মুক্তাদুল ইসলাম মাহিদ (১৭), নওশীন ইসলাম রামীম (১৭) ও মোশারফ হোসেন (১৭)।
জানা গেছে, গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে বারইয়ারহাট ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার হলে খাতা না দেখানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরীক্ষা শেষে ফেরার পথে দুই পরীক্ষার্থীকে ক্ষুর দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আহতরা হলেন- বারইয়ারহাট কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুহাম্মদ মুনায়েম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, জিহানের শরীরে ১৯টি এবং মুনায়েমের শরীরে ৩২টি সেলাই হয়েছে।
আহত শাখাওয়াত হোসেন জিহান বলেন, ‘পরীক্ষা শেষে বের হওয়ার পর কয়েকজন পরীক্ষার্থী আমার বন্ধু মুনায়েমকে মারধর শুরু করে। তাকে বাঁচাতে গেলে আমাকেও ক্ষুর দিয়ে কুপিয়ে জখম করা হয়। গত এক সপ্তাহ ধরে করেরহাট স্কুলের কয়েকজন পরীক্ষার্থী বিভিন্নভাবে ঝামেলা করছিল।’
এ ঘটনায় আহত জিহানের বাবা মো. আলমগীর ৭ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের মারামারির ঘটনায় ৪ কিশোরকে আটক করা হয়েছে। পরে তাদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।’
পূর্বকোণ/পিআর
















