কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার জেসমিন আক্তার জুই (২২) ওই এলাকার মৃত রশিদ আহমেদের মেয়ে এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।
রবিবার (১৭ মে) রাতে খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক এক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুরুশকুলের একটি আবাসিক বাড়িতে বিপুল পরিমাণ মাদক বিক্রির খবর পেয়ে গতকাল রবিবার রাত ১১টায় পূর্ব ডেইল পাড়ার একটি বাড়িতে অভিযানে যায় র্যাব। এ সময় ঘরের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুই স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে তা কক্সবাজার ও তার আশাপাশের এলাকায় অত্যন্ত চতুরতার সাথে খুচরা ও পাইকারি দামে বিক্রি করতো।
র্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার গাঁজাসহ আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
















