চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ের ব্যারিয়ার পিকআপের ধাক্কায় ভেঙে গেছে। এতে চরম ঝুঁকি নিয়ে পারাপার করছে শত শত যানবাহন। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রেলপথেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা গেছে, রোববার (১৭ মে) সকালে একটি পিকআপের ধাক্কায় রেলক্রসিংয়ের ব্যারিয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কার পর গাড়িটি দ্রুত পালিয়ে যায়। দায়িত্বে থাকা গেটম্যানরা গাড়িটিকে শনাক্ত বা আটক করতে পারেননি।
স্থানীয়রা জানান, দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথ দিয়ে প্রতিদিন আনুমানিক ৩০টির বেশি ট্রেন চলাচল করে। কিন্তু ব্যারিয়ার অকেজো হয়ে পড়ায় বর্তমানে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন পারাপার চলছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশনের মাস্টার সিরাজুল ইসলাম বলেন, ‘ব্যারিয়ার ভেঙে যাওয়ার বিষয়টি রেলওয়ের প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ইতোমধ্যে সংস্কারকাজ শুরু করেছেন।’
ফেনী রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী সুজন ভট্টাচার্য জানান, ট্রাকের ধাক্কায় ব্যারিয়ারটি দুই টুকরো হয়ে গেছে। ফলে আপাতত এটি অকেজো রয়েছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে পুনরায় ব্যারিয়ার সচল করার কাজ চলছে।
পূর্বকোণ/পিআর
















