চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৯ কোটি টাকার ইয়াবা জব্দ, যুবক আটক

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২৬ | ১:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুই লাখ ৯২ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক পাচারকারিকে আটক করা হয়। জব্দ করা এসব মাদকের বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক মো. আব্দুল্লাহ (৩০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখের খিল এলাকার বাসিন্দা।

রবিবার (১৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, শনিবার বিজিবির মাদকবিরোধী দুটি আলাদা অভিযানে মোট দুই লাখ ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় টেকনাফ উনচিপ্রাং বিওপির টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৭’র পশ্চিমে অবস্থান নেয়। রাত ৮টায় চারজন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে খাল সাঁতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো দুই লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা।

একইদিন সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের শীলখালী অস্থায়ী চেকপোস্টে আরেকটি অভিযান চালায় বিজিবি। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির স্টিয়ারিংয়ের ভেতর কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারে সীমান্তের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট