হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, হেফাজতে ইসলাম আমাদের আক্বিদার জায়গা, আবেগের জায়গা। হেফাজতে ইসলামের মধ্যে কোন বিভেদ নেই। ১১ দলীয় জোট কেবল রাজনৈতিক প্লাটফর্ম, এখানে আক্বিদাগত কোন বিষয় নেই।
রবিবার (১৭ মে) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ফটিকছড়ির নাজিরহাটস্থ আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপকমিটির সদস্যদের বিশেষ সভায় আমিরে হেফাজত আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী বলেন, হেফাজতে ইসলামের মধ্যে কোন বিভেদ নেই। কিছু বাতেল গোষ্ঠী হেফাজতের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে বলে গুজব রটিয়েছে। তবে বাস্তবতা হচ্ছে হেফাজতের মধ্যে কোন ফাটল নেই, বিরোধ নেই।
আল্লামা মামুনুল হক আরো বলেন, চব্বিশ পরবর্তী আমাদের মধ্যে একটি রাজনৈতিক প্লাটফর্ম হয়েছে। সেখানে হেফাজতের অনেক নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত হয়েছেন। এটি ভোট ও রাজনৈতিক ঐক্য। আমিরে হেফাজত বিভিন্ন সময় নানা বক্তব্য দিয়ে থাকেন। এতে ১১ দলীয় জোটের কোন ক্ষোভ নেই। হুজুরের বক্তব্যে আমাদের সম্পূর্ণ সহমত রয়েছে।
ঘণ্টাব্যাপী চলা রুদ্ধদ্বার বৈঠকে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামী বাংলাদেশের নায়েব আমীর মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, মুফতি আল্লামা জসিম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ প্রমুখ।
পূর্বকোণ/পিআর
















