চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাবার অভিযোগের ভিত্তিতে জমির উদ্দিন নামে এক মাদকাসক্ত যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত মো. জমির উদ্দিন (২৩) উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
শনিবার (১৬ মে) সকালে মাইজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন মো. ওমর সানী আকন।
অভিযান সূত্রে জানা যায়, অল্পশিক্ষিত রাজমিস্ত্রি জমির উদ্দিন বন্ধুদের পাল্লায় পড়ে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছিল। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। টাকা সংগ্রহ করতে ব্যর্থ হলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জমির উদ্দিনের বাবা নুরুল আলম ছেলের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ছেলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে রাজমিস্ত্রির কাজে যুক্ত হয়। ওই সময় থেকেই মাদকে আসক্ত হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও তাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব হয়নি। এ কারণে দীর্ঘদিন ধরে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে অশান্তিতে থাকতে হচ্ছে।
বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, বাঁশখালী থানার পুলিশ মাদকাসক্ত যুবক জমির উদ্দিনকে আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানে সহযোগিতা করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ নূরী এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।
পূর্বকোণ/পিআর
















