চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

শহরতলীর আদলে গড়তে চাই পরিকল্পিত উন্নয়ন

মুহাম্মদ নাজিম উদ্দিন

১৬ মে, ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ

উত্তর চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার প্রবেশদ্বার বলা হয় হাটহাজারী উপজেলাকে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ জনপদের প্রধান সমস্যা হচ্ছে যানজট। তিন দশক ধরে জিইয়ে থাকা যানজট এখনো কুরে কুরে খাচ্ছে। যানজটের কারণে থমকে রয়েছে হাটহাজারীর উন্নয়নের চাকা।

আলোচকেরা যানজট নিরসনের বিষয়ে বলেন, প্রধানতম সমস্যা উত্তরণে ফ্লাইওভার স্থায়ী সমাধান নয়। ৫০ বছর পর ফ্লাইওভারটি অকেজো হয়ে যেতে পারে। এর চেয়ে বিকল্প সড়ক বা বাইপাস সড়ক তৈরি করা ভালো বলে মতামত দেন। যোগাযোগ ব্যবস্থা ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা, কৃষি উন্নয়নে খাল খনন, মাদক-জুয়া বন্ধ, কর্মমুখী শিক্ষা, বিনোদনকেন্দ্র স্থাপনসহ নানা পরামর্শ দেন। ১৭ বছর ধরে হাটহাজারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় নাগরিকেরা প্রত্যাশিত সেবাবঞ্চিত হচ্ছে।

শিক্ষার অবনমনে ম্যানেজিং কমিটির নিষ্ক্রিয়তা ও শিক্ষকদের তদারকির অভাব রয়েছে রয়েছে বলে জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। শিক্ষকদের পাঠদানে দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং বাড়ানোর প্রস্তাব দেন তারা।

‘স্বনির্ভর হাটহাজারী: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক আলোচনায় হাটহাজারীর বিশিষ্টজনেরা এসব প্রস্তাবনা দিয়েছেন। গত ১৮ ফেব্রæয়ারি হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

দৈনিক পূর্বকোণ চট্টগ্রামের সংসদীয় এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, সমস্যা- সম্ভাবনা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করেছে।

তৃণমূলের সমস্যা চিহ্নিত ও উত্তরণে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে নতুন সরকারের কাছে প্রস্তাব আকারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনগণের প্রত্যাশিত এসব প্রস্তাব বিবেচনা করে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করলে প্রতিটি আসনের দৃশ্যমান উন্নয়ন হবে। ভারসাম্যপূর্ণ উন্নয়ন সাধিত হলে স্বনির্ভর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হবে চট্টগ্রামের প্রতিটি সংসদীয় এলাকা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয় কুসুম বড়–য়া বলেন, অবকাঠামোগত উন্নয়নের চেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, শিক্ষার গুণগত মানোন্নয়ন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, শিক্ষা-কারখানা স্থাপন, কৃষির আধুনিকায়ন ও মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে রক্ষা করা। তিনি বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। আর এখানে শিল্প-কারখানা গড়ে না উঠায় শিক্ষিত লোকসহ বেকারত্ব বাড়ছে। শিল্প স্থাপনে সরকারি- বেসরকারি বিনিয়োগ সৃষ্টি করতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে প্রান্তিক কৃষকেরা উপযুক্ত সেবা পান না বলে উল্লেখ করে তিনি বলেন, চাষাবাদ ও উৎপাদন বাড়ানোর বিষয়ে কৃষকদের আরও উদ্ধুদ্ধ করতে হবে। তিনি বলেন, কৃষি উন্নয়নে খাল খনন করা হয়। কিন্তু খাল খননের নামে হরিলুট হয়। নজরদারির অভাবে প্রকৃতভাবে খনন হয় না বলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এজন্য কৃষি ও ফসল উৎপাদনে সংকট সৃষ্টি হয়।

হালদা নদীর মৎস্য প্রজননকে অদ্ভূত বিষয় উল্লেখ করে উদয় কুসুম বড়–য়া বলেন, পৃথিবীর কোনো দেশে এই ধরনের প্রজননক্ষেত্র দেখা যায় না। শিল্পবর্জ্য ও ইঞ্জিতচালিত বড় নৌকার বেপরোয়া চলাচলের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। সরকারকে এ বিষয়ে কঠোর নজরদারি করতে হবে।

হাটহাজারী সংসদীয় আসন হচ্ছে চট্টগ্রাম শহরের সঙ্গে লাগোয়া। শহরতলী উপজেলা হিসেবে এ জনপদ যেভাবে এগিয়ে যাওয়ার কথা, সেভাবে এগোয়নি। অর্থাৎ কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। পরিকল্পিত শহরতলী হিসেবে হাটহাজারী গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা এখন সময়ের দাবি।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, যোগাযোগ ব্যবস্থা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তিন দশক ধরে যানজটের কথা শুনে আসছি। কিন্তু কার্যকর কোনো সমাধান আজও আমরা দেখিনি। শুধু প্রধান সড়ক নয়, অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থাও জরাজীর্ণ। তিনি বলেন, হাটহাজারীর বিশাল জনগোষ্ঠী প্রবাসী। কিন্তু এখানে কোনো কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নেই। ফলে অনেকেই বিদেশে গিয়ে অদক্ষ শ্রমিক হিসেবে কম মজুরিতে কাজ করতে হয়।

চিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাবু বলেন, সামাজিক নিরাপত্তা সহায়তা খুবই অপ্রতুল। আগে ৩০০ জনের মতো দুস্থ মানুষ ভিজিএফ বা ভিজিডি সহায়তা পেত। এখন তা কমে ৬৫ জনে দাঁড়িয়েছে। গত ১০ বছর ধরে ক্রমান্বয়ে তা কমছে। এর পরিধি দ্রুত বাড়ানো দরকার। প্রাথমিক শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভালো অবকাঠামো হয়েছে। কিন্তু শিক্ষার মান কেন যেন তলানিতে ঠেকেছে। ম্যানেজিং কমিটির নিষ্ক্রিয়তা ও শিক্ষকদের তদারকির অভাব রয়েছে। মনিটরিং বাড়াতে হবে। শিক্ষকদের পাঠদানে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ বলেন, হাটহাজারীর যানজট সমস্যার সমাধানে ফ্লাইওভার স্থায়ী সমাধান নয়। ৫০ বছর পর যখন এই ফ্লাইওভারটি পুরোনো বা অকেজো হয়ে যাবে, তখন তা ভেঙে নতুন কিছু করার মতো পর্যাপ্ত জায়গা থাকবে না। এর চেয়ে বিকল্প সড়ক বা বাইপাস রোড তৈরি করা ভালো হবে।

জামায়াতে ইসলামীর যুববিভাগের সাধারণ সম্পাদক আছলাম মোর্শেদ বলেন, হাটহাজারী চট্টগ্রাম শহরের উপকণ্ঠে হওয়া সত্তে¡ও এখানে মানসম্মত ইংরেজি শিক্ষাব্যবস্থার অভাব রয়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার ও আধুনিকায়ন প্রয়োজন। পৃথিবী এখন তথ্যপ্রযুক্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। অথচ এখানে আইটি সেক্টর নিয়ে কোনো দৃশ্যমান কাজ বা পরিকল্পনা নেই। আরেকটি প্রশাসনিক সংকট হচ্ছে, হাটহাজারী পৌরসভায় ১৭ বছর ধরে কোনো নির্বাচন নেই। জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ নাগরিক সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

কৃষি ও মৎস্যজীবী আবুল খায়ের বলেন, হাটহাজারী কৃষি সমৃদ্ধ এলাকা। কিন্তু এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন। অনেক চাষি পৈত্রিক পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর প্রধান কারণ হল, চাষাবাদ উপকরণের উচ্চমূল্য ও খরচ বৃদ্ধি। তবে ফসলের ন্যায্য দাম না পাওয়া ও উৎপাদন খরচ পোষাতে না পারায় হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। এজন্য বিপুল পরিমাণ জমি বছরের পর বছর অনাবাদী বা পতিত হয়ে পড়ে থাকছে। সরকারি প্রণোদনা ও সুযোগ-সুবিধার রাজনীতিকরণের কারণে প্রকৃত-প্রান্তিক কৃষকেরা বঞ্চিত হন। রাজনৈতিক প্রভাবমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বণ্টন করা হলে কৃষকেরা আবার মাঠে ফিরবেন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস বলেন, উপজেলায় শিশুদের বিনোদনের ভালো কোনো পার্ক নেই। প্রবীণদের একটু শান্তিতে হাঁটার মতো জায়গা নেই। বিকেল হলেই মানুষ নদীর পাড়ে বা কোনো খালি জায়গায় ভীড় জমায়। সরকারি উদ্যোগে একটি শিশুপার্ক বা বিনোদনকেন্দ্র গড়ে তোলা প্রয়োজন।

পৌরসভা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব জসিম উদ্দিন বাবুল বলেন, হাটহাজারীর উন্নয়নে অন্যতম বাধা হলো সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা। অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত ১২ কিলোমিটারের মধ্যে ৯টি ছোট-বড় বাজার এবং ১০টির মতো সিএনজি স্ট্যান্ড রয়েছে। প্রতিটি বাজারে অপরিকল্পিত পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। প্রধান সড়কের পাশে একটি ‘সার্ভিস লেন’ তৈরি করা দরকার। যেখানে লোকাল এবং ধীরগতির যানবাহন চলাচল করবে।

 

পূর্বকোণ/পিবি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট