কক্সবাজারের টেকনাফে একটি গ্যাস সিলিন্ডারে ভরে পাচারের সময় ৪০ হাজার ইয়াবাসহ শহিদুল ইসলাম বাবু (২২) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৪ মে) উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন টেকনাফের উলুবনিয়া পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শহিদুল ইসলাম বাবু উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার মৃত ফরিদ আলমের ছেলে।
শুক্রবার (১৫ মে) উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তর-পূর্ব দিকে গ্রামের দিক থেকে আসা একটি অটোরিকশাকে সন্দেহ হলে সেটি থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশায় থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে চারটি কার্টনে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছে সে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উদ্ধারকৃত ইয়াবা, জব্দ যানবাহন এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















