চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

টেকনাফ সংবাদদাতা

১৫ মে, ২০২৬ | ৯:২৬ অপরাহ্ণ

সরকার ঘোষিত মৎস্য আইন অমান্য করায় টেকনাফের বাহারছড়ায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

শুক্রবার (১৫ মে) দিনব্যাপী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ও হলবনিয়া মাছঘাটে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

চট্রগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কক্সবাজার জেলা মৎস্য অফিসার মো. নাজমুল হুদা, টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক এবং বাংলাদেশ কোস্টগার্ড বাহারছড়ার কন্টিনজেন্ট কমান্ডার মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

 

টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মজুদ, সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবেই শামলাপুর ও হলবনিয়া মাছঘাটে অভিযান চালিয়ে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযান চলাকালীন বিভিন্ন মাছঘাটে জেলে ও সংশ্লিষ্টদের মাঝে ৫৮ দিন সাগরে মৎস্য আহরণ না করার জন্য জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। মৎস্য সম্পদ রক্ষার্থে প্রশাসনের এই অভিযান আগামী ১১ জুন পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট