কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে দুই নারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার উলুবনিয়া পশ্চিমপাড়া এলাকার বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা সম্পর্কে মা-মেয়ে। তারা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উলুবনিয়া গ্রামের মো. আয়ুবের স্ত্রী রাশেদা বেগম (৪৯) এবং তার মেয়ে সুমাইয়া (২০)। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানা গেছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে উলুবনিয়া পশ্চিমপাড়া এলাকার সীমান্ত বেড়িবাঁধের দিক থেকে গ্রামের ভেতরে আসার সময় দুই নারীকে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এ সময় টহল দলের নারী সদস্যরা তল্লাশি চালিয়ে তাদের বোরকার ভেতর লুকানো অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। আটককৃত ইয়াবাসহ মা-মেয়েকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















