রাঙ্গামাটির রাজস্থলীতে এক মারমা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়ের করা হয়েছে। অপহৃত ছাত্রী খ্যানুউ মারমা (১৫) কুন্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
অভিযোগপত্র অনুযায়ী, গত ২০ এপ্রিল সকালে খ্যানুউ মারমা তার বাবার সাথে পাহাড়তলী চৌমুহনী বাজারে কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ হয়। এর আগে গত ৫ মার্চ স্কুল থেকে ফেরার পথে স্থানীয় আরচ তালুকদার (৫০) তাকে কুপ্রস্তাব দেন এবং উত্যক্ত করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, আরচ তালুকদার এবং তার সহযোগী আলাউদ্দিন ক্ষমতার প্রভাব দেখিয়ে মেয়েকে অপহরণ করেছে। এ ঘটনায় ২১ এপ্রিল রাউজান থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অপহরণের পর অভিযুক্তরা মোবাইল ফোনের মাধ্যমে তাদের হুমকি দিচ্ছে এবং আইনগত পদক্ষেপ নিতে নিষেধ করছে। এমনকি মেয়ের অবস্থান জানানোর কথা বলে বিকাশে পাঁচ হাজার টাকা দাবি করা হয়েছে এবং ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন জানিয়েছেন, আদালত মামলার আবেদন গ্রহণ করেছে এবং ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















