চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্পের দক্ষিণ প্রান্ত থেকে একটি দেহবিহীন মাথা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) বিকেলে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মস্তকটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া এই মাথাটি গত ৯ মে একই এলাকা থেকে উদ্ধার হওয়া সেই মস্তকবিহীন লাশের।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত ৯ মে ওই এলাকার একটি আকাশমনি বাগানের ভেতর থেকে উলঙ্গ অবস্থায় একটি মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছিল। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বের মধ্যে এই মাথার অংশটি পাওয়া গেছে।
রফিকুল ইসলাম আরও জানান, এটি বর্তমানে এমন অবস্থায় রয়েছে যেখানে চুল ছাড়া আর কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এটি ওই উদ্ধার মরদেহেরই বিচ্ছিন্ন অংশ। বিষয়টি আরও নিবিড়ভাবে তদন্ত ও পর্যবেক্ষণ করছে ফটিকছড়ি থানা পুলিশ।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















