চট্টগ্রামের সীতাকুণ্ডে সোহেল ট্রাক ডিপো নামের একটি ডিপোতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তিনজনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় সোনাইছড়ির গামারীতল এলাকায় মো. সোহেলের মালিকানাধীন ওই ডিপোর ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার আবু তাহেরের ছেলে মো. আজম, পাক্কা মসজিদ এলাকার শাহ আলমের ছেলে মো. কামাল ও কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে মো. নাজিম উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, রাতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সৌমিত্র/এএইচ
















