কক্সবাজারের চকরিয়ায় মাওলানা মোহাম্মদ ইদ্রিস নামের এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৩ মে) দিবাগত ভোররাত সাড়ে ৪টায় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের আগে মসজিদ সংলগ্ন ইমামের থাকার কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এই মৃত্যুকে মর্মান্তিক ও রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। কারণ ইমামের থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ ওই কক্ষে বাইরে থেকে কারও প্রবেশের কোনো আলামত পায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পূর্বকোণ/সিজান/এএইচ
















