কক্সবাজারের উখিয়ায় গোলাপ শা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১৩ মে) দিবাগত রাতে যে কোন এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকায় তার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত গোলাপ শা আক্তার একই এলাকার ছৈয়দ মিস্ত্রির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য পরিবারের সদস্যরা গোলাপশা আক্তারকে ডাকতে গেলে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নামানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, পড়ালেখা নিয়ে মা-বাবার চাপের কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পূর্বকোণ/পিআর
















