চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমার থেকে এলো ৩ শ’ টন কাঠ, সীমান্ত বাণিজ্যে প্রাণচাঞ্চল্য

মিয়ানমার থেকে এলো ৩ শ’ টন কাঠ, সীমান্ত বাণিজ্যে প্রাণচাঞ্চল্য

টেকনাফ সংবাদদাতা

১৩ মে, ২০২৬ | ১০:২৭ অপরাহ্ণ

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে দীর্ঘ ১৩ মাস ধরে চলা অচলাবস্থা কাটিয়ে অবশেষে সচল হতে শুরু করেছে টেকনাফ স্থলবন্দরকেন্দ্রিক সীমান্ত বাণিজ্য। এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) বিকেলে মিয়ানমার থেকে আরও দুটি কাঠবোঝাই ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে এসে পৌঁছেছে।

 

 

বন্দর সূত্রে জানা গেছে, বুধবার আসা ট্রলার দুটির মধ্যে আমদানিকারক এম কাইসার জুয়েলের ৪০ টন এবং মেসার্স এসআইএস ইন্টারন্যাশনালের মালিক ওমর ফারুকের ১১০ টন কাঠ রয়েছে।

 

 

এর আগে গত ১ মে দীর্ঘ বিরতির পর প্রথম ৪২ টন কাঠবাহী একটি বোট বন্দরে পৌঁছায়। সব মিলিয়ে বুধবার বিকেল পর্যন্ত মোট ৯টি ট্রলারে প্রায় ৩০০ টন কাঠ টেকনাফ বন্দরে এসেছে। কাঠের এই আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে মিয়ানমারে ৬৫ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে।

 

 

আমদানিকারক এম কাইসার জুয়েল ও ওমর ফারুক জানান, বন্দরে আসা কাঠগুলো প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে খালাস করা হবে। তারা আশা প্রকাশ করেন, বন্দরের কার্যক্রম আগের মতো পুরোপুরি সচল করতে সব ব্যবসায়ী এগিয়ে আসবেন।

 

 

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, “মিয়ানমার থেকে আসা কাঠবাহী বোটগুলো বন্দরে পৌঁছেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো খালাস করা হবে।”

 

 

উল্লেখ্য, আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের সংঘাতের জেরে গত বছরের এপ্রিল মাস থেকে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় সীমান্ত বাণিজ্যে আবারও নতুন করে প্রাণ ফিরতে শুরু করেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট