কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে জাকির হোসেন (২৮) নামে সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
জানা গেছে, জাকির হোসেন নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাজা ঘোষণার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/আরআর
















