সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচার চক্রের অন্যতম হোতা শাকের মাঝিকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকের মাঝি ওই এলাকার কবির আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনার অভিযুক্তদের তালিকায় শাকের মাঝির নাম রয়েছে। তার বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ তার দুটি নৌকাও জব্দ করেছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকের মাঝি পুলিশের কাছে নিজেকে ইয়াবা কারবারের সঙ্গেও জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক ও মানবপাচারের একাধিক মামলা রয়েছে।
বর্তমানে তাকে একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়ে যাচাই-বাছাই চলছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















