চট্টগ্রামের রাউজানে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
শত বছরের ঐতিহ্যবাহী একটি পুরোনো কবরস্থানের ভেতরে ব্যক্তি মালিকানাধীন ডেইরি ফার্ম স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ও সৎকারস্থলের উন্নয়নকাজে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে নোয়াজিষপুরে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
ঈসা খাঁ দিঘিপাড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী সিকদার, ইলিয়াস তালুকদার, এম. ফোরকান সিকদার, আব্দুর রশীদ ও কাশেম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দিঘির ভেতরে গড়ে তোলা ব্যক্তিমালিকানাধীন ডেইরি ফার্মের গরুর গোবর ও দুর্গন্ধে কবরস্থান এবং তীর্থস্থানের পবিত্র পরিবেশ নষ্ট হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, ধর্মপ্রাণ মানুষ ও দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
বক্তারা আরও দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল কবরস্থান ও জানাজার মাঠের উন্নয়নকাজে বাধা দিয়ে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করছে।
বিক্ষোভকারীরা অবিলম্বে কবরস্থানের ভেতর থেকে ডেইরি ফার্ম অপসারণ, পরিবেশ দূষণ বন্ধ এবং ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা উন্নয়নকাজ নির্বিঘ্নে বাস্তবায়নের দাবি জানান।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















