রাজশাহী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রতিনিধি ও প্রশ্নপত্র বহনকারী বাস। তবে এ ঘটনায় প্রশ্নপত্র সুরক্ষিত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুর্ঘটনার শিকার হয় বাসটি। এরপর গাড়ি পরিবর্তন করে আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিধিরা।
চবি ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, রাজশাহী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। তবে এ ঘটনায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ি পরিবর্তন করে আবারও রাজশাহীর দিকে রওনা দিয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত আছে।
চবির ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন বলেন, সিরাজগঞ্জের তাড়াশে আমাদের গাড়ি এক্সিডেন্ট করেছে। আমরা সবাই ঘুমে ছিলাম। হঠাৎ একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। বাসের সামনের অংশটা বেশ ক্ষতিগ্রস্ত হলেও আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের কেউই গুরুতর আহত হননি। তবে, এক্সিডেন্টের পরপরই ড্রাইভার ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন।
প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে চবির আইন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ


















