চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যবসায় শিক্ষা অনুষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির বিতর্ক বিষয়ক কেন্দ্রীয় সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০২৩। আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) আয়োজিত হবে এ বিতর্ক প্রতিযোগিতা।
জাতীয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতায় দেশিয় বিতর্ক অঙ্গনের ৫০টিরও অধিক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করছে। যার মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮টি দল এবং স্কুল ও কলেজ পর্যায়ের ২৪টি দলের বিতার্কিকরা অংশগ্রহণে করছে।
অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতাগুলো মূল্যায়নের জন্য থাকবে ৩০ জনেরও অধিক বিচারকমণ্ডলী। বিতর্ক উৎসব পরিচালনায় মূল বিচারক পর্ষদে আছেন দেশিয় বিতর্ক অঙ্গনের জনপ্রিয় ও সফল বিতার্কিকবৃন্দ। এছাড়াও স্বতন্ত্র বিচারক হিসেবে সারা বাংলাদেশ থেকে ৫০ এর অধিক স্কুল-কলেজ শিক্ষার্থী উপস্থিত থেকে অর্জন করতে যাচ্ছে বিচারিক চর্চা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
উৎসবটি ট্যাব ফর্মেটের দুই পর্বের এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি দল চার (৪) রাউন্ড বিতর্ক করার সুযোগ পাবে। বিজয়ী দলগুলো পরবর্তীতে ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে সুযোগ পাবে।
এবার সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে চবি এমবিএ এসোসিয়েশন, সহযোগী পার্টনার হিসেবে রয়েছে প্রাগমেট। এছাড়াও বিতর্ক উৎসবের সার্বিক সহোযোগিতায় রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশসেরা আঞ্চলিক দৈনিক পূর্বকোণ।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টির বিতর্ক অঙ্গন ও দেশিয় বিতর্ক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শুধু তাই নয়, দীর্ঘ ২৭ বছরে কেন্দ্রীয় এই সংগঠনটি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সফলতার সাথে প্রতিনিধিত্ব করে আসছে।
পূর্বকোণ/রায়হান/জেইউ/এএইচ


















