চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে চা বাগানের সাড়ে ৮ লাখ টাকা লুট, আটক ২

বাগান ম্যানেজার শ্রমিকদের হাতে অবরুদ্ধ 

ফটিকছড়িতে চা বাগান কর্মকর্তাকে কুপিয়ে ৮ লাখ টাকা লুট, আটক ২

ফটিকছড়ি সংবাদদাতা 

১৫ অক্টোবর, ২০২৬ | ৩:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাংক থেকে ফেরার পথে পঞ্চবটি চা বাগানের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ৮ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের ধাওয়ায় জিহান ও আবু নামে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
 
 
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
 
 
অভিযোগ অনুযায়ী, পঞ্চবটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ব্যাংক থেকে চা বাগানের টাকা উত্তোলন করে পঞ্চবটি চা বাগানে ফিরছিলেন। বাগানের প্রবেশগেটের কিছুটা আগে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাকে কুপিয়ে আহত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনার সময় বাগানের ম্যানেজারও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
 
 
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুর্বৃত্তদের ধাওয়া করেন। এ সময় জিহান ও আবু নামে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অন্যরা পালিয়ে যায়। 
 
 
এ ঘটনায় বাগানের ম্যানেজার বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। লুট হওয়া টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 
 
এদিকে, ঘটনার পর চা বাগানের ম্যানেজার অর্জুন কুমার নাথকে শ্রমিকেরা অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে তিনি পরিচিতজনদের কাছে সহায়তা চেয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়েছেন।
 
 
বাগান ম্যানেজার অর্জুন কুমার নাথ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ব্যাংক থেকে টাকা তুলে আনার সময় টাকা লুট হয়েছে। দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। আমাকে শ্রমিকরা অবরুদ্ধ করে রেখেছে। পরিস্থিতি খুবই খারাপ। 
 
 
এই ব্যাপারে জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে’কে বারবার ফোন করা হলেও তিনি কলটি ধরেননি।
 
পূর্বকোণ/পিআর  

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট