চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে একটি পুলিশ একাডেমি এবং পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। এ জন্য জমি দেখা হচ্ছে।
পুলিশের পাশাপাশি জঙ্গল সলিমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণের জন্যও জায়গা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে এ কাজ হচ্ছে। সভায় ওই কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকার বিভিন্ন মৌজায় সরকারি জমি রয়েছে। এসব জমি পাহাড় শ্রেণির হোক বা খাসজমি—সবকিছু সুশাসনের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জন্য জঙ্গল সলিমপুরে ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জঙ্গল সলিমপুরের অবৈধ বসতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে সেখানে যারা অবৈধভাবে বসতি স্থাপন করেছেন, তাদের কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই এলাকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানও পরিচালনার আওতায় আনা হবে। তিনি বলেন, সবকিছু একটা সুশাসনের মধ্যে নিয়ে এসে ওই জায়গাটি যে একটা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, সেখান থেকে ওই জায়গাটিকে মুক্ত করা হবে এবং একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।
রোহিঙ্গা ক্যাম্প নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক কারবারি এবং মানবপাচারের ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে এ জাতীয় ঘটনায় তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে রঙ্গিখালী এবং নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যাম্পের বিভিন্ন স্থান সিসিটিভির আওতায় আনা হবে।
পূর্বকোণ/পিআর


















