চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে দুই মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

ফটিকছড়িতে দুই মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

ফটিকছড়ি সংবাদদাতা

১ অক্টোবর, ২০২৬ | ৪:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া পিতলের সামগ্রী, দুর্গামূর্তি, নগদ টাকা ও চুরিতে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
 
 
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার দাউদকান্দির মো. ইউসুফ (৩২), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার মো. হাশেম (৪২), ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. সাহাব উদ্দিন (৪১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার রুহুল আমিন (২৯)।
 
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নগরীর ২ নম্বর গেট এলাকায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।
 
 
পুলিশ জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর ভোরে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের সার্বজনীন শ্রীশ্রী শিব ও মগধেশ্বরী মন্দিরে এবং ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে লেলাং ইউনিয়নের শ্রীশ্রী মা মঙ্গল চন্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক মামলা হলে ফটিকছড়ি থানা পুলিশ তদন্ত শুরু করে।
 
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
 
 
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে- তিনটি পিতলের ঘট, দুইটি পঞ্চবটি প্রদীপ, দুইটি ত্রিশূল, একটি পিতলের ঘণ্টা, ছয়টি সরই, ছয়টি স্টিলের প্লেট, দুটি চামচ, একটি বড় ঘট, দুটি কোষা, একটি বদনা, একটি কাঁসার গামলা, একটি গ্লাস, ছয়টি ছোট থালা, একটি আরতি স্ট্যান্ড, একটি দুর্গামূর্তি ও চারটি পিতলের বাটি। এছাড়া প্রণামী বক্সের ১ হাজার ২০০ টাকা ও চুরিতে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মসজিদ ও মন্দিরের দানবাক্সসহ অন্যান্য মালামাল চুরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট