চট্টগ্রাম শুক্রবার, ১২ জুন, ২০২৬

সর্বশেষ:

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির চেষ্টা, পরে মুচলেকায় মুক্তি

অনলাইন ডেস্ক

১২ জুন, ২০২৬ | ৪:০৩ অপরাহ্ণ

রাঙামাটির রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টা করেছে ব্রাজিলের জার্সি পরিহিত এক তরুণ। এ সময় বিহার কর্তৃপক্ষ ওই তরুণকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহে (খাবার খাওয়া) ব্যস্ত ছিলেন। এ সুযোগে ওই তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে বিহারের উপাসক-উপাসিকারা বিষয়টি দেখে ফেলেন। এ সময় ওই তরুণকে হাতেনাতে আটক করেন তারা।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা বলেন, আটকের পর ওই তরুণ তার ভুল স্বীকার করেছেন। এরপর ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ কারণে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, দানবাক্স চুরির চেষ্টার ঘটনার পর বিহারটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট