ফুলকপির পোলাও
বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি। চমৎকার স্বাদের এই সবজিটি খেতে পছন্দ করেন সবাই। ফুলকপি দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। তেমনই একটি পদ ফুলকপির পোলাও। জেনে নিন রেসিপি-
যা যা লাগবে : মাঝারি ফুলকপি ১ টি, আলু ২ টি, কাজুবাদাম ১০ টি, কিসমিস ২০ টি, জিরা গুঁড়া ১/২ চামচ, ধনে-জিরা বাটা ১ চামচ, হলুদ ১/২ চামচ, মরিচের গুঁড়া ১/২ চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চামচ, রিফাইন্ড তেল ২ টেবিল চামচ, গোবিন্দভোগ চাল ১ কাপ, গরম মশলা গুঁড়া ১/২ চামচ, ঘি ২ চামচ।
যেভাবে তৈরি করবেন : চাল পানিতে ভিজিয়ে ঝরিয়ে রাখুন। ফুলকপি এবং আলু কেটে নিন। মাঝারি আঁচে পাত্রে তেল গরম করুন। জিরা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফুলকপি এবং আলু দিন। তারপর লবণ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। ফুলকপি এবং আলু নরম হয়ে এলে ধনে-জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে কয়েক মিনিট ভাজুন। তারপর ভেজানো চাল, কাজুবাদাম এবং কিসমিস দিয়ে আস্তে আস্তে ভালো করে মেশান। তারপর আরও ৫ মিনিট ভাজুন। এরপর পানি দিন। ১ কাপ চালে ২ কাপ পানি দেবেন। অনবরত নাড়তে থাকুন যাতে ধরে না যায়। চাল সেদ্ধ হয়ে গেলে চিনি ও গরম মশলা দিন। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কয়েক মিনিট ঘি ছড়িয়ে নাড়াচাড়া করুন। এরপর গরম গরম পরিবেশন করুন।
পটলের দোলমা
পটলের দোলমা খেতে বেশ সুস্বাদু। রেসিপি জানা থাকলে এটি তৈরি করা খুব একটা কঠিন নয়। চলুন রেসিপি জেনে নেয়া যাক-
যা যা লাগবে : পটল ৬টি, যেকোনো বড় মাছ ৩০০ গ্রাম, হলুদ ১ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, পেঁয়াজ ১টি, আদা ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ২টি, গুঁড়া মরিচ ১ চা চামচ, শুকনা মরিচ ২টি, লবঙ্গ গুঁড়া আধ চা চামচ, ছোট এলাচ গুঁড়া আধ চা চামচ, দারুচিনি গুঁড়া আধ চা চামচ, সরিষার তেল ১ কাপ, আস্ত জিরা ১ চা চামচ, টমেটো ২টি, টক দই ৩ টেবিল চামচ, কাজু বাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন : প্রথমে পটলের খোসা হালকা করে ছাড়িয়ে নিন। ভেতরের বীজ চামচ দিয়ে কুড়িয়ে বের করে নিন। পটলগুলো সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। মাছ সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ মাছের কাঁটা ছাড়িয়ে হাতে করে চটকে নিন। মাছে পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, লবঙ্গ গুঁড়া, এলাচ ও দারুচিনি গুঁড়া, সামান্য চিনি ও লবণ মেশান। এবার পটলের ভিতরে ওই মাছের পুর ভরে দিন। কড়াইয়ে সরষের তেল গরম করুন। মাছের পুর ভরা পটলগুলো লালচে সোনালি করে ভেজে তুলে নিন। এবার কড়াইয়ে আস্ত জিরা আর শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। সামান্য আদা বাটা দিয়ে টমেটো কুচি দিন। অল্প চিনি দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করে টক দই ও কাজু বাদাম বাটা দিন। সামান্য পানি দিয়ে ভালো করে ফোটান।
গ্রেভি ফুটে এলে ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে পটলের গায়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন পটলের দোলমা।


















