কুষ্টিয়ার কুমারখালীর বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে পেট্রোলভর্তি বোতল, লোহার পাইপ ও বিদ্যুতের তার যুক্ত একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশের একটি নারকেলগাছের কাছ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
পুলিশ বলছে, একটি সন্দেহজনক ব্যাগের উপস্থিতির খবর পেয়ে কুমারখালী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় মাজারে আগত সাধুদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ঘটনাস্থল থেকে অন্য জায়গায় সরিয়েও নেওয়া হয়।
পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরকবিষয়ক বিশেষজ্ঞ দলের চার সদস্য ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে দুটি এক লিটারের পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দুটি লোহার পাইপ এবং বিদ্যুতের তার যুক্ত একটি ডিভাইস উদ্ধার করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করার তথ্য পাওয়া যায়নি। কুমারখালী থানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
“কী ধরনের ডিভাইস উদ্ধার হয়েছে এবং সেগুলো কতটা শক্তিশালী এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
পূর্বকোণ/মিফতা


















