চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৬ | ১০:১৭ অপরাহ্ণ

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁকে ডেকে এ নির্দেশ দেওয়া হয়।
 
বিএনপি ও সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, মন্ত্রীর দায়িত্বে থেকে এভাবে নিজে অস্ত্র উঁচিয়ে অভিযানে নামা আইন ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী, যা সরকারকে চরম বিব্রত করেছে। বিশেষ করে একই দিনে প্রধানমন্ত্রীর বিভিন্ন আকস্মিক পরিদর্শনের ইতিবাচক খবরের ওপর এই ঘটনাটি ছায়া ফেলে। ইশরাকের অস্ত্র প্রদর্শনের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দল ও সরকারের শীর্ষপর্যায়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।
 
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় ইশরাক হোসেন ও তাঁর সহযোগীরা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র কেবল আত্মরক্ষার জন্য বহন করা গেলেও প্রকাশ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করা আইনত নিষিদ্ধ। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 
অভিযোগের জবাবে ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে দাবি করেন, মাদক কারবারিদের সম্ভাব্য হামলার হাত থেকে আত্মরক্ষার স্বার্থেই তিনি ও তাঁর নিরাপত্তাকর্মীরা সাময়িকভাবে অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তবে স্থানীয় পুলিশ জানায়, এই অভিযানের ব্যাপারে আগে থেকে পুলিশ প্রশাসনকে কোনো তথ্য দেওয়া হয়নি।
 
উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে সরকারের সদস্যদের ওপর কঠোর অবস্থানের অংশ হিসেবে সম্প্রতি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট