হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ ও নোংরা টয়লেট নিজ হাতে পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কাজ করেন।
অভিযানকালে সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। সাধারণ মানুষ যেন হাসপাতালে স্বাস্থ্যকর পরিবেশ পান, তা নিশ্চিত করতেই তিনি ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নামেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে এমপি আনিছুর রহমান বলেন, “শুধু নিজ বাসাবাড়ি নয়, বরং সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সম্পত্তি মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। সরকারি হাসপাতালগুলোকে বাসযোগ্য ও ব্যবহারোপযোগী করে তুলতে সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “সেবা নিতে এসে হাসপাতালকে নিজের বাড়ির মতো পরিচ্ছন্ন রাখার মানসিকতা গড়তে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কর্মী হিসেবে আমরাও সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”
এ কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরিচ্ছন্ন টয়লেট দেখে নিজেই পরিষ্কার করতে এগিয়ে যান সাংসদ খোকন
পূর্বকোণ/রানা/পারভেজ


















