সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের দাম নির্ধারণ ও সরকারের নীতি নিয়ে মন্তব্য করার খেসারত দিতে হলো বাগেরহাট পৌর বিএনপির এক নেতাকে। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত হয়েছেন বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেল।
বুধবার (১৪ অক্টোবর) বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি এবং সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে রুবেলের করা ফেসবুক পোস্ট ও মন্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে আগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে তাঁর পেশকৃত উত্তর দলীয় নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক মনে হয়নি।
দলীয় সূত্রে আরও অভিযোগ উঠে, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও শাহরিয়ার কবির রুবেল ক্ষান্ত হননি; বরং ফেসবুকে অন্যান্য সরকারবিরোধী বিভিন্ন পোস্টে একমত পোষণ করে মন্তব্য করে যান।
পৌর বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থ সংশ্লিষ্ট কিংবা সরকারের সিদ্ধান্তের বিষয়ে কোনো আপত্তি থাকলে তা দলীয় ফোরামে আলোচনার সুযোগ রয়েছে। তা না করে প্রকাশ্যে ফেসবুকে উসকানিমূলক মন্তব্য করায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এসব কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করেই শাহরিয়ার কবির রুবেলকে ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ দলের প্রাথমিক সদস্য পদ ও সকল দায়িত্ব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















