বিয়ের আয়োজনের মধ্যেই ডেঙ্গু উপসর্গে আক্রান্ত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ শাহরিয়ার সৌমিকের (২৪) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সৌমিক গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বিয়ে উপলক্ষে প্রায় এক মাস আগে ঢাকা থেকে গাইবান্ধার নিজ বাড়িতে আসেন সৌমিক। শুক্রবার তাঁর বিয়ে এবং শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠানের আয়োজন নির্ধারিত ছিল।
পরিবারের সদস্যরা জানান, গত চার দিন ধরে সৌমিক জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তাঁকে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। দুপুরে বাড়ি ফেরার পর বিকেলের দিকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৌমিকের বোন শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের প্রস্তুতির মধ্যেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়ে তাঁর ভাইয়ের মৃত্যু হয়।
পরিবারের এই আকস্মিক ট্র্যাজেডিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিহতের সহপাঠী ও পরিচিতজনেরা শোক প্রকাশ করছেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















