গতকাল রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরস্থ আল মাহমুদ অ্যাভিনিউয়ে নিজ বাসভবনে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন বিদ্যুৎমন্ত্রী।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমি ভোটে জিতেছি, তার মধ্যে বেশির ভাগই ভোট ছিল হিন্দু সম্প্রদায়ের। আমি আগে যেসব কেন্দ্রে জিততে পারিনি, সেখানে হিন্দুদের ভোটেই জিতেছি। আপনারা এবার দলে এসেছেন, আপনাদের ধরে রাখার দায়িত্ব আমাদের।’
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের আল মাহমুদ অ্যাভিনিউয়ে নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমরা গত সাত মাসে আপনাদের জন্য যা করেছি, ১৫ বছরেও তারা তা করতে পারেনি। আমরা দৃষ্টান্ত স্থাপন করব, একজন সরকারপ্রধান পূজামণ্ডপে ঘুরে বেড়াবেন। বাংলাদেশে বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে। এটা আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। বিএনপির সবাই বিশ্বাস করে।’
ইকবাল হাসান মাহমুদ বলেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আদর


















