দুর্গাপূজার কারণে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় দুটি সংগঠন। ফলে সড়কে আন্দোলনকারীদের অবরোধ কর্মসূচি ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে আগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সাজেকসহ সংশ্লিষ্ট পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ১১ অক্টোবর সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন।
অবরোধ স্থগিত ও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সাজেকের রিসোর্ট, কটেজ, পরিবহন এবং অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে সাজেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের জন্য এটি ইতিবাচক খবর।
তবে সাজেকে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে সড়কের সর্বশেষ পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়ে ভ্রমণের প্রস্তুতি নেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের।
পূর্বকোণ/নুসরাত


















