চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

যুবলীগ নেতা হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৬ | ৮:৩২ অপরাহ্ণ

বগুড়া শহরে ইট ও বালু ব্যবসায়ী যুবলীগ নেতা আবু তালেব হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

 

 

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আয়েজ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম।

 

 

সাজা পাওয়ারা হলেন- ফিরোজ হোসেন ফোকরা (২৫), চাঁন মিয়া এবং বাপ্পারাজ ওরফে বাপ্পা।

 

 

মামলা থেকে জানা গেছে, আবু তালেব বগুড়া শহরের সাবগ্রাম বন্দর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২০ সালের ১৪ জুন তালেবকে শহরের আকাশতারা এলাকায় ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়।

 

 

ঘটনার পরদিন ১৫ জুন তালেবের স্ত্রী মোছা. রোখসানা বাদী হয়ে বগুড়া সদর থানায় ফোকরা, চাঁন মিয়া ও বাপ্পারাজের নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করেন।

 

 

মামলার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ প্রধান আসামি ফোকরাকে গ্রেপ্তার করে তৎকালীন র‌্যাব। পরে অন্য আসামি চাঁন মিয়া ও বাপ্পারাজকেও গ্রেপ্তার করে পুলিশ।

 

 

পরে তারা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিল্লাল হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম।

 

 

সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।

 

পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট