নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল (৬৩), তার ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান (৩৬)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফতুল্লার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে মাহাবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশের দাবি, আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে স্লোগান দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়ে আদালতে শুনানি হয়। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও পুনরায় জামিনের আবেদনের জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টনীতে ছিলেন আইভী। এ সময় তাকে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে কণ্ঠ মেলান।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















